নতুন ডিপ্লোমা প্রোগ্রাম ২০২৬ শুরু হয়েছে! ক্রিটিক্যাল সোশ্যাল থট অ্যান্ড ইসলামিক ট্র্যাডিশন ডিপ্লোমা সম্পর্কে জানুন → নতুন ডিপ্লোমা প্রোগ্রাম ২০২৬ — ডিপ্লোমা সম্পর্কে জানুন →

সমসাময়িক বিশ্লেষণ

হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবন কেন ইজরায়েলের জন্য হুমকি?

Share
Share

হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবন কেন ইজরায়েলের জন্য হুমকি?

বিংশ শতাব্দীর শুরুতে উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের উদ্যোগে নির্মিত হেজাজ রেলওয়ে ছিল শুধু একটি পরিবহন লাইন নয়—এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংযোগের প্রতীক। দামেস্ক থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত এই রেলপথ প্রথম বিশ্বযুদ্ধের সময় লরেন্স অব আরাবিয়ার নেতৃত্বে আরব বিদ্রোহীদের আক্রমণে ধ্বংস হয়ে যায়। একশো বছরেরও বেশি সময় পর, ২০২৬ সালে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই ঐতিহাসিক রেলপথ পুনরুজ্জীবনের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। সিরিয়া ও জর্ডান হয়ে তুরস্ক থেকে সৌদি আরব পর্যন্ত বিস্তৃত এই করিডোর শুধু অর্থনৈতিক সহযোগিতার মাধ্যম নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণকেও আমূল বদলে দিতে পারে।

এই পুনরুজ্জীবনকে ইজরায়েলের জন্য একটি গুরুতর কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই নিবন্ধে বিশ্লেষণ করা হবে, কীভাবে হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবন ইজরায়েলের আঞ্চলিক কৌশলগত অবস্থানকে দুর্বল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের নতুন শক্তি-সমীকরণে এই রেলপথের সম্ভাব্য ভূমিকা কী।

হেজাজ রেলওয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট

১৮৯০-এর দশকের শেষের দিকের কথা। উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ যখন তাঁর মন্ত্রিসভার বৈঠকে হেজাজ রেলওয়ে প্রকল্পের ধারণা উপস্থাপন করেন, তখন অধিকাংশ উজিরই এর বিরোধিতা করেন। তাঁদের আশঙ্কা ছিল, এটি একটি ঝুঁকিপূর্ণ ভূ-রাজনৈতিক উদ্যোগ, যা মধ্যপ্রাচ্যে উচ্চাকাঙ্ক্ষী ঔপনিবেশিক শক্তিগুলোর সঙ্গে উসমানীয় সাম্রাজ্যের সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।

কিন্তু মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে ঔপনিবেশিক শক্তিগুলোর বিরূপ প্রতিক্রিয়ার তোয়াক্কা না করেই সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। ১৯০০ সালের ২ মে তিনি মদিনা ও দামেস্কের মধ্যে রেলপথ নির্মাণের জন্য ফরমান জারি করেন। ১৯০৮ সালের মধ্যে মূল রেললাইন এবং হাইফা–দামেস্ক শাখার নির্মাণকাজ সম্পন্ন হয়। এরপর সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনজুড়ে অতিরিক্ত শাখা রেললাইন নির্মাণের কাজও শুরু হয়। [1]

কিন্তু এর কিছুদিন পরই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধ চলাকালে হেজাজ রেলওয়ে উসমানীয় সাম্রাজ্যের জন্য সৈন্য, অস্ত্র ও রসদ পরিবহনের অন্যতম প্রধান সরবরাহপথে পরিণত হয়। ফলে এটি মিত্রশক্তি-সমর্থিত আরব বিদ্রোহীদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে ওঠে। ১৯১৭ সালের শেষের দিকে লরেন্স অব অ্যারাবিয়ার নেতৃত্বে আরব বিদ্রোহীরা ধারাবাহিক হামলার মাধ্যমে রেলপথটির বড় অংশ ধ্বংস করে দেয়।[2]

এরপর আর কখনও হেজাজ রেলওয়ে তার আগের রূপে সচল হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর মধ্যপ্রাচ্য এমন এক নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করে, যেখানে অঞ্চলটির মানচিত্র ও ক্ষমতার ভারসাম্য পুনর্গঠিত হয় ঔপনিবেশিক শক্তিগুলোর স্বার্থ অনুযায়ী। এই পুনর্বিন্যাসের মধ্য দিয়েই ফিলিস্তিনে জায়োনিস্ট প্রকল্পের বাস্তবায়নের পথও ক্রমশ সুগম হয়ে ওঠে।

হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবন ও প্রতিবন্ধকতা

এর প্রায় ১০০ বছর পর ২০০৯ সালে, তুর্কিয়্যে নতুন করে হেজাজ  রেলওয়ে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। তারা সম্ভাব্য অংশীদার রাষ্ট্রগুলোকে এই প্রকল্পের জন্য আমন্ত্রণ জানায়।[3] কিন্তু সিরিয়ায় দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এই প্রকল্পের অন্যতম বাধা ছিল। তাছাড়া তৎকালীন পরিস্থিতিতে এই প্রকল্প আরব রাষ্ট্রগুলোর জন্য ছিল ভূ-রাজনৈতিক নেতৃত্বের লাভ-লসের হিসাব। এরপরও তুর্কিয়্যে সরকার তাদের অংশে রেলপথ নির্মাণ শুরু করে যাতে অদূর ভবিষ্যতে সেটাকে হেজাজ রেলওয়ের সাথে সংযুক্ত করা যায়।

আর এদিকে সৌদিও বসে ছিল না। তাদের ইতিমধ্যেই গ্রহণ করা অভ্যন্তরীন রেল অবকাঠামো বিনিয়োগের অংশ হিসেবে তারা রিয়াদ, মক্কা-মদিনাকে সংযোগকারী হারামাইন হাই স্পিড রেলওয়ের নির্মানকাজ সম্পন্ন করেছে।

মুসলিম বিশ্বের নেতৃত্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে ত্রি-বাহুর (সৌদি আরব, তুর্কিয়্যে, ইরান) প্রতিদ্বন্দ্বিতা ছিল সেটাও হেজাজ রেলওয়ে পুনরুজ্জীবিত করার অন্যতম বাধা ছিল। আর এসব কিছু সুবিধা দিয়েছিল জায়োনিষ্ট রাষ্ট্র ইজরায়েলকে।[4] কিন্তু গত এক যুগের এই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা শেষে মধ্যপ্রাচ্য এখন নতুন বাস্তবতার মুখোমুখি।

দীর্ঘ গৃহযুদ্ধের কারণে হেজাজ রেলওয়ের সিরিয়ান অংশ (দামেস্ক-জর্ডান সীমান্ত) ধ্বংসপ্রায় ছিল। এটি ছিল প্রকল্পের সবচেয়ে বড় বাধা। ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর  নতুন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা  তুরস্ক ও জর্ডানের সাথে দ্রুত সম্পর্ক স্থাপন করে। ২০২৫ সালের সেপ্টেম্বরে আম্মানে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে তুরস্ক সিরিয়ার অংশ পুনর্নির্মাণে সহায়তা শুরু করে।[5]

জায়োনিস্টদের গ্রেটার ইজরায়েল উচ্চাকাঙ্খা প্রকাশ, আরব দেশগুলোর জন্য বিশেষ করে সৌদি-মিশর-সিরিয়া-তুর্কিয়্যের জন্য নতুন সতর্কবার্তা হিসেবে দেখা দেয়। জায়োনিস্ট রাষ্ট্র দ্বারা ইরান আক্রান্ত হলেও সৌদি আরব ও তুর্কিয়্যে যে নেক্সট টার্গেট সেটাও স্পষ্ট হয়ে ‍যায় উগ্র জায়নবাদিদের ক্রমাগত হুমকি থেকে। নতুন এই ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ থেকে মধ্যপ্রাচ্যে পাশার দান উল্টে যেতে শুরু করছে। যেখানে পশ্চিমা বুদ্ধিজীবীরা সৌদির কাউন্টারে ইরান-তুর্কিয়্যে অক্ষ আশা করেছিল, সেখানে উল্টো মিশর-সৌদি-পাকিস্তান ও তুর্কিয়্যের নেতৃত্বাধীন নতুন সুন্নি অক্ষের আশা দেখা যাচ্ছে।[6] যে অক্ষ একই সাথে শিয়া ইরানের প্রতি অধিক নমনীয়।[7] সিরিয়ায় আসাদের পতন এই পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এখানে পূর্ণ ক্রেডিটের দাবিদার তুর্কিয়্যে।

এমন অবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় হেজাজ রেলওয়েকে পুনরুজ্জীবিত করা। তারই অংশ হিসেবে, ১০ জুন তুর্কিয়্যে এবং সৌদি আরব একটি চুক্তি স্বাক্ষর করেছে। এতে সিরিয়া ও জর্ডান হয়ে দুই দেশকে যুক্ত করা হবে এবং ভবিষ্যতে ওমান পর্যন্ত বিস্তৃত করা হবে এই রেলপথ। যার ফলে হেজাজ রেলওয়ে প্রকল্প হরমুজ প্রণালী এমনকি বাব আল মান্দেব-সুয়েজ খালেরও বিকল্প স্থলপথ হিসেবে কাজ করবে যা তুর্কিয়্যে হয়ে ইউরোপ পৌঁছে যাবে। আর এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের শক্তিশালী বিকল্প হিসেবেও এই রেল প্রকল্প কাজ করবে।

ইজরায়েলের জন্য কৌশলগত হুমকি

নতুন সুন্নি অক্ষের উত্থানের প্রেক্ষাপটে হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবন ইজরায়েলের জন্য একটি গুরুতর কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এই রেলপথ চালু হলে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ইন্ডিয়া–মিডল ইস্ট–ইউরোপ ইকোনমিক করিডোর (IMEC)—যে প্রকল্পের মাধ্যমে ইজরায়েল নিজেকে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যকার একটি অপরিহার্য ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। ফলে হেজাজ রেলওয়ে চালু হলে IMEC-এর কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। [8]

২০২৩ সালে, ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র ও ইজরায়েল মিলে IMEC করিডোরের পরিকল্পনা গ্রহণ করে। যদিও এই পরিকল্পনাকে তারা দেখাতে চেয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে।[9] কিন্তু আসলে এটা শুধু চীনের উচ্চাকাঙ্খার বিকল্প নয়, বরং সৌদি আরব ও ইজরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের এক প্রচেষ্টাও। সেই সাথে এই প্রকল্প বাস্তবায়িত হলে ইসরায়েল হয়ে উঠতো পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি নিয়ন্ত্রণকারী।  IMEC করিডোর প্রকল্পটি জেরুজালেম ও রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির উপর নির্ভরশীল থাকায় যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়ার ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও এই চুক্তি আটকে আছে। কারণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি আরব ইজরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি নয়।[10]

এদিকে ইরানের ওপর ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। এই সংঘাত আরব দেশগুলোর কাছে একটি বার্তা স্পষ্ট করে দেয়—যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার ওপর এককভাবে নির্ভর করা আর আগের মতো কার্যকর নয়। বরং অনেকের দৃষ্টিতে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই নতুন নিরাপত্তা-ঝুঁকির কারণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব দ্রুত পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির দিকে অগ্রসর হয়। একই নিরাপত্তা কাঠামোতে মিশর ও তুর্কিয়্যের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা চলছে। অন্যদিকে সাইপ্রাস, আজারবাইজান ও সিরিয়ার বিভিন্ন সংকটে তুর্কিয়্যে ইতোমধ্যেই তার মিত্রদের পক্ষে সক্রিয় অবস্থান নিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে নিজের ভূমিকার ইঙ্গিত দিয়েছে।

এমন এক প্রেক্ষাপটে তুর্কিয়্যের উদ্যোগে হেজাজ রেলওয়ে পুনরুজ্জীবনের প্রস্তাবকে সৌদি আরব, এমনকি জর্ডানও ইতিবাচকভাবে দেখছে। ভবিষ্যতে যদি এই রেলপথ ওমান পর্যন্ত সম্প্রসারিত হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে ভারত–মধ্যপ্রাচ্য–ইউরোপ ইকোনমিক করিডোর (IMEC)-এর কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। কারণ, IMEC বাস্তবায়িত হলে ভারত থেকে ইউরোপগামী বাণিজ্যের একটি বড় অংশ ইজরায়েলকে কেন্দ্র করেই পরিচালিত হওয়ার কথা ছিল, যা দেশটিকে অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত করতে পারত।

অন্যদিকে হেজাজ রেলওয়ে তুরস্ক–সিরিয়া–জর্ডান–সৌদি আরবকে সংযুক্ত করে এমন একটি বিকল্প করিডোর গড়ে তুলতে পারে, যা ইজরায়েলের ভূখণ্ড ও বিশেষ করে হাইফা বন্দরকে কার্যত বাইপাস করবে। এর ফলে ইজরায়েলের সম্ভাব্য ট্রানজিট আয়, বাণিজ্যিক গুরুত্ব এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রভাব কমে যেতে পারে। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে IMEC-কে এগিয়ে নেওয়ার যে কৌশলগত সুযোগ ইজরায়েল দেখছিল, সেটিও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব

অনেক বিশ্লেষক হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবনের উদ্যোগকে ইজরায়েলের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে দেখছেন। সাবেক মার্কিন কূটনীতিক হাদি আমরের ভাষায়, এই উদ্যোগটি “ইচ্ছাকৃতভাবে ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে বাইপাস করছে।”[11]

হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবন প্রসঙ্গে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বলেন, “ইজরায়েলের আঞ্চলিক প্রভাব কমানোর পাশাপাশি আমাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বাড়লে মধ্যপ্রাচ্য, গাল্ফ অঞ্চল এবং তুরস্কের দক্ষিণ সীমান্তে অর্থনৈতিক সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা আসবে।”[12]

এদিকে এই প্রকল্প নিয়ে বিভিন্ন প্রো-জায়োনিস্ট থিংক ট্যাঙ্ক ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের যুক্তি, হেজাজ রেলওয়ে বাস্তবায়িত হলে IMEC-এর কৌশলগত গুরুত্ব কমে যেতে পারে। তাই তারা যুক্তরাষ্ট্রকে IMEC প্রকল্পের প্রতি আরও সক্রিয় সমর্থন ও অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। [13]

তুর্কিয়্যে ও সৌদি আরবের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত বোঝাপড়া মধ্যপ্রাচ্যে ইজরায়েলের অবস্থানকে ক্রমেই আরও বিচ্ছিন্ন করে তুলছে। সৌদি আরব এখন ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ছাড়াই বিকল্প বাণিজ্য ও যোগাযোগের পথ খুঁজে পাচ্ছে, যা ইজরায়েলের দীর্ঘদিনের কূটনৈতিক কৌশলকে দুর্বল করে দিতে পারে। একই সঙ্গে ‘গ্রেটার ইজরায়েল’-কেন্দ্রিক জায়োনিস্ট উচ্চাকাঙ্ক্ষা এবং গাজায় চলমান আগ্রাসনের প্রেক্ষাপট মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। এর ফলে ইজরায়েলের সামনে শুধু অর্থনৈতিক নয়, দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জও তৈরি হচ্ছে।

হেজাজ রেলওয়ের পুনরুজ্জীবনের উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন ঘটছে। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তবে অঞ্চলটির অর্থনৈতিক ও কৌশলগত সংযোগে নতুন বাস্তবতা তৈরি হতে পারে, যেখানে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও স্বাধীন আঞ্চলিক উদ্যোগ আগের তুলনায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


[1] How the Hejaz railway could reshape Middle East geopolitics – TRT World

[2] Hejaz Railway – UNESCO World Heritage Centre

[3] Turkey’s Hejaz Railway Revival Is a Bid To Undermine Israel’s Regional Role

[4] The Struggle between Turkey and Saudi Arabia for the Leadership of Sunni Islam

[5] Damascus-Amman train link could be completed by 2026 as historic Hijaz railway restoration plan gains steam | Arab News

[6] The Struggle between Turkey and Saudi Arabia for the Leadership of Sunni Islam

[7] A new Middle Eastern quadrilateral is taking shape

[8] India-Middle East-Europe Economic Corridor (IMEC)

[9] IMEC Corridor | What Is IMEEC And Why Is It Strategically Important For India? Explained

[10] Turkey, Saudi Arabia agree on major regional railway line bypassing Israel | The Times of Israel

[11] Turkey, Saudi Arabia agree on major regional railway line bypassing Israel | The Times of Israel

[12] Hejaz railway key to curbing Israeli influence, boosting peace: Turkish Trade Minister – Türkiye Today

[13] Turkey’s Hejaz Railway Revival Is a Bid To Undermine Israel’s Regional Role

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
রাজনৈতিক দর্শনসমসাময়িক বিশ্লেষণ

মালয়েশিয়ার সংবিধানে ইসলাম ও শরিয়া গভর্ন্যান্স: একটি আইনি বিশ্লেষণ

রাজনৈতিক দর্শন•June 26, 2026রাজনৈতিক দর্শনসমসাময়িক বিশ্লেষণমালয়েশিয়ার সংবিধানে ইসলাম ও শরিয়া গভর্ন্যান্স: একটি...

সমসাময়িক বিশ্লেষণ

৫৪ দেশে জরিপঃ ধর্মীয় বিশ্বাসের বৈশ্বিক চিত্র

সমসাময়িক বিশ্লেষণ•June 23, 2026সমসাময়িক বিশ্লেষণ৫৪ দেশে জরিপঃ ধর্মীয় বিশ্বাসের বৈশ্বিক চিত্রদ্য মুসলিম...

ইসলামি ঐতিহ্যমডার্নিটিরাজনৈতিক দর্শনসমসাময়িক বিশ্লেষণ

নেশন-স্টেট, নৈতিকতা ও কাঠামোগত সংকট

ইসলামি ঐতিহ্য•June 22, 2026ইসলামি ঐতিহ্যমডার্নিটিরাজনৈতিক দর্শনসমসাময়িক বিশ্লেষণনেশন-স্টেট, নৈতিকতা ও কাঠামোগত সংকটআবদুল্লাহ আল-রায়হান•40...

সমসাময়িক বিশ্লেষণ

ইতিহাসের নতুন বিন্যাস: ব্রাহ্মণ বনাম নমশূদ্র মনস্তত্ত্ব এবং জুলাইয়ের রূপান্তর

সমসাময়িক বিশ্লেষণ•June 20, 2026সমসাময়িক বিশ্লেষণইতিহাসের নতুন বিন্যাস: ব্রাহ্মণ বনাম নমশূদ্র মনস্তত্ত্ব এবং...